নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। ঘটনার পর অভিযুক্ত স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত গৃহবধূর নাম বুলবুলি খাতুন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আব্দুল্লাহ ও তার স্ত্রী বুলবুলি খাতুনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার বিকেলে তাদের ৪ বছর বয়সী শিশুসন্তানের সামনেই উভয়ের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মা ও ছোট শিশুর চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় বুলবুলিকে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় কুঞ্চীভদ্রা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়। আটকের সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
সিংড়া থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।







