নিউজ ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম
ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে প্রক্রিয়া আজ শুরু হলো, এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করলাম। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ পেলাম। আজ আমাদের উৎসব পূর্ণতা পাবে গণভোট দিয়ে। নির্বাচন গুরুত্বপূর্ণ, গণভোট খুবই গুরুত্বপূর্ণ।
আজ মহা আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আজ আমরা সারা দিন উৎসব পালন করব। ভোট দিয়ে এ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন বলে জানিয়েছে তার দপ্তর।
মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম। আজ থেকে প্রতিটি পদে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম।’
গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রর্থীকে ভোট দিলাম, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোট খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশগ্রহণ করার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদশে গড়তে পারি।’

এসময় উচ্ছ্বাস প্রকাশ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটা আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।’
সবশেষে প্রধান উপদেষ্টা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’ এসময় উপস্থিত সাংবাদিকরা তাকে ‘ঈদ মোবারক’ বলে পাল্টা শুভেচ্ছা জানান। জবাবে তিনি হেসে ‘ঈদ মোবারক’ বলেন।







