নোয়াখালী প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি পক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। এজন্য সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। শুধু ভোট দিলে হবে না, বরং ভোরবেলায় কেন্দ্রে গিয়ে কড়াই-গণ্ডায় হিসাব বুঝে নিতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব কড়াই-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সবার, সব ধর্মের মানুষকে এক সঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
হাতিয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেনি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এ কাজটি করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জিতাতে হবে। এর আগে এ এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, বল্কবাধ এগুলো আমরা ইনশাআল্লাহ করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা।
হাতিয়া সফরের আশ্বাস দিয়ে তিনি বলেন, ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামীমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আপনারা তাকে ভোট দিন আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো ইনশাআল্লাহ।
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।







