রাজনীতি ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম
মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে শুধু নির্বাচন করলেই চলবে না, এই নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে। আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যা আমরা বাস্তবায়ন করতে পারব।
গতকাল বিকেলে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায়, সেই পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে সেগুলো বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, কিভাবে দেশের নারীদের আরো ক্ষমতায়ন করা যায়। আমরা দেশের কৃষকদের কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি।
দেশের মানুষের স্বাস্থ্যসেবা কিভাবে উন্নতি করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের তরুণ যুবসমাজের সদস্য যারা ছেলে হোক, মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব, সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি।’
তিনি বলেন, ‘এসব পরিবর্তন যদি করতে হয়, এসব পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে।

কিন্তু ঢাকা-১৫ আসনের অধিবাসীদের কাছে জানতে চাই, আপনাদের কী পরিকল্পনা ১২ ফেব্রুয়ারি? বলুন।’ এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমস্বরে বলেন, ‘ধানের শীষ, ধানের শীষ।’
তারেক রহমান বলেন, ‘ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যেসব পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে।
আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যা আমরা বাস্তবায়ন করতে পারব।’
ঢাকা-১৫ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে ধানের শীষ হাতে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশ ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে ইনশাআল্লাহ ১৩ ফেব্রুয়ারি থেকে সেই কাজে হাত দিতে পারব।’

ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। এই আসনে জামায়াতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় নিজের আসন ঢাকা-১৭ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লালমাঠে সমাবেশে বক্তব্য দেন এবং দলের প্রার্থী আমিনুল হকের জন্য এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, ‘এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব।’ তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতিবেশী হিসেবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে আমি আপনাদের সঙ্গে যেমন আগেও ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আপনারা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিনুল হককে দেখে রাখবেন। ইনশাআল্লাহ আমিনুল জিতলে পরে ১৩ ফেব্রুয়ারি থেকে এলাকার মানুষের দেখভাল করছে কি না, এই এলাকার উন্নয়নে কাজ করছে কি না, সেটি দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আমার।’

বিকেল ৩টা ৪৫ মিনিটে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরে এক সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমার দল দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা-বোনরা নিরাপদে নিশ্চিন্তে যেকোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবেন। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। যেই শহরে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবেন।’
তিনি বলেন, ‘এখানে একটু আগে আবদুস সালাম সাহেব বলেছেন, এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সবার জানার জন্য আমি বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে শুধু এই এলাকায় নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। যাতে করে আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বিরা, মা- বোনরা বিকেলবেলায় বা তাঁদের প্রয়োজনের সময় যেন মাঠে হাঁটাচালা করতে পারেন।’
নিজের পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, ‘আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, ঢাকা-১৭ থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকারই সন্তান, আমি ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে, আমি এই এলাকায়ই বড় হয়েছি, আমার সন্তান এই এলাকায় জন্মগ্রহণ করেছে, আমার এবং আমার ভাইয়ের, আমাদের বিয়েশাদি এই এলাকায়ই হয়েছে। কাজেই আমি এই এলাকারই সন্তান। এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার মুরব্বি, এলাকার মায়েদের কাছে, ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই-বোন, মুরব্বিদের বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা এই এলাকায় ধানের শীষকে নির্বাচিত করেন।’

তুরাগ নদের ওপর ব্রিজ স্থাপনের প্রতিশ্রুতি : ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে পরিচয় করিয়ে দিয়ে তাঁর জন্য ভোট চেয়ে মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় পাঠের সমাবেশে তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি আপনাদের সমর্থনে এবং ভোটে বিএনপি সরকার গঠন করলে আমরা যত দ্রুত সম্ভব এখানে একটি সরকারি হাসপাতাল তৈরির কাজে হাত দেব। এই এলাকা থেকে তুলি নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে দ্রুততম সময়ে তুরাগ নদের ওপর ব্রিজ স্থাপনের কাজ শুরু করব।
তারেক রহমান বলেন, ‘একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। শুধু তাই নয়, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি, তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। তাদের লোকজন মা-বোনদের কাছে গিয়ে কিভাবে তাঁদের এনআইডি নাম্বার নিয়েছে, তাঁদের বিকাশ নাম্বার নিয়েছে, তাঁদের বিভ্রান্ত করার জন্য। অতীতেও আমরা দেখেছি, দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল।’
একটি নিরাপদ দেশ তৈরি করতে চাই : ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের নির্বাচনী সমাবেশ শ্যামলী ক্লাব মাঠের বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এই মুহূর্তে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল, যে দল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জন্য অনেক পরিকল্পনা নিয়েছে। যদি আপনারা বিএনপিকে জয়যুক্ত করেন, বিএনপি সরকার গঠন করলে সেগুলো বাস্তবায়ন করবে। আমরা চাই, এমন একটি পরিস্থিতি ও দেশ তৈরি করতে—যেখানে আমাদের মা-বোনরা সকাল, দুপুর এবং রাতে নিরাপদে চলাচল করতে পারবে।
দেশ পরিবর্তনের এই নির্বাচন : ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের নির্বাচনী সমাবেশ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের বক্তব্যে তারেক রহমান বলেন, ‘এই নির্বাচন হবে বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। গত ১৬ বছর আমরা দেখেছি, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।







