সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কলরেট কমানোর আশ্বাস বিটিআরসির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

গ্রাহকদের কথা বিবেচনায় মোবাইল ফোনে ভয়েস কলের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে প্রতি মিনিটে ৪৫ পয়সা থাকা সর্বনিম্ন কলরেট আরও কমানোর বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।

অনলাইনে অনুষ্ঠিত বিটিআরসির গণশুনানিতে বুধবার (১৯ আগস্ট) সকালে জামালপুরের এক গ্রাহকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন বলেন, বর্তমানে মোবাইলে কথা বলার সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস প্রতি মিনিটে ৪৫ পয়সা এবং সর্বোচ্চ দুই টাকা নির্ধারিত রয়েছে। সর্বনিম্ন কলরেট আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলমান রয়েছে।

গণশুনানিতে তিনি জানান, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ মাসে সেবার মানসহ বিভিন্ন বিষয়ে বিটিআরসিতে ১৩ হাজার ৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে হেল্পলাইনের মাধ্যমে পাঁচ হাজার ৫১টি এবং ওয়েববক্সের মাধ্যমে সাত হাজার ৯৫৮টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের মধ্যে ৮৬ দশমিক ৭০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ২৭৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

তবে অভিযোগ নিষ্পত্তির বর্তমান হার নিয়ে সন্তুষ্ট নয় বিটিআরসি।

দ্রুত ও কার্যকরভাবে গ্রাহকদের শতভাগ অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

এবারের গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ ও প্রশ্ন এসেছে ট্যারিফ, ডাটার মেয়াদ, ডাটা ক্যারি ফরওয়ার্ড, নেটওয়ার্ক কাভারেজ, সিম নিবন্ধন, মোবাইল ফোন রেজিস্ট্রেশন, এনইআইআর ও সেবার মান নিয়ে।

বিটিআরসি জানায়, গণশুনানিতে অংশ নিতে গত ১৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে দুই হাজার ৯৯০ জন গ্রাহক নিবন্ধন করেন। তাঁদের মধ্যে বিভিন্ন পেশাজীবী ছিলেন এক হাজার ৪৭ জন, শিক্ষার্থী ৬৩৮ জন এবং নারী গ্রাহক ১৭২ জন।

গণশুনানিতে কমিশনের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. মেহেদী উল সহিদ, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডুসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ