নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকালীন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা ভোট গ্রহণে বাধা দেওয়ার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পিত কম্বিং অপারেশন চলছে। একই সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রধান সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।







