জুন ১৪, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

নিউজ ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকেই প্রিয় নেতাকে একনজর দেখতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠের দখল নিয়েছেন।

জানা যায়, এদিন দুপুর ১২টায় এই ঐতিহাসিক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

পিরোজপুরের নেছারাবাদ থেকে ভোরে লঞ্চে করে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, আমাদের নেতা শহরে আসছেন, আমরা ঘরে থাকি কীভাবে? তাই ভোরেই চলে এসেছি।

বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে এসেছেন নাসিমা বেগম ও কাকলী আক্তার। তারা স্থানীয় মহিলা দলের রাজনীতির সঙ্গে যুক্ত।

তারেক রহমানকে দেখতে গতকাল রাতেই বরিশালে এসে এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন তারা।

নাসিমা বেগম বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে মাঠে এসেছি। আমি রোজা রেখেছি। আমাদের ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।” একই প্রত্যাশা কাকলী আক্তারেরও; তিনি চান নতুন প্রজন্মের জন্য একটি শান্ত ও সুন্দর বাংলাদেশ।

ছবি অনলাইন

সরেজমিনে দেখা যায়, প্রস্তুতির কোনো কমতি নেই। পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা ঘেরাও করে সেখানে কলাপাতা বিছিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে।

এর আগে, ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৮ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী আশাবাদ ব্যক্ত করে বলেন, বরিশাল বিভাগের ৯০ শতাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ