সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে সোমবার (১১ মে) থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত।

রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় থাকবে ৫০টি ট্রাক। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি। অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে।

সংস্থাটি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এ কার্যক্রমের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবে। মোট বিক্রি করা হবে ১৩ হাজার ৯৩৯ টন পণ্য।

টিসিবির তথ্যমতে, যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবে।

পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা।

এদিকে সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের দাম ও পরিমাণ আগের মতোই অপরিবর্তিত থাকবে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ