সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধিদলের বৈঠক জ্বালানি খাতের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কম্পানি শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। গতকাল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে এ বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও এ খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।’ বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে সিঁড়ি দিয়ে ছয়তলায় উঠলেন প্রধানমন্ত্রী : কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেলে সচিবালয়ের ৪ নম্বর ভবনের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয় পরিদর্শন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‘প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে ৪ নম্বর ভবনে হেঁটে যান এবং সিঁড়ি দিয়ে হেঁটে ছয়তলায় ওঠেন। লিফট প্রস্তুত থাকলেও প্রধানমন্ত্রী সিঁড়ি দিয়ে ওঠেন।


ষষ্ঠ তলায় ওঠার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ছিলেন। উপপ্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’

প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন : পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন কাজের বাস্তবায়ন তদারকি এবং ওই অঞ্চলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত ১৯ সদস্যের কমিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ককে। আর ডিজিএফআইয়ের মহাপরিচালককে করা হয়েছে সদস্যসচিব।

পুনর্গঠিত জাতীয় কমিটি পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি এসব কার্যক্রমের আয়-ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি তদারকি করবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিয়োজিত বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যপরিধি ও কর্মক্ষেত্র নির্ধারণের দায়িত্ব পালন করবে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ