সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের সংগ্রামের গল্পে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বেশ কিছুদিন ধরেই তিনি সেখানে আছেন। ফলে ভক্ত-সমালোচকদের অনেকের মনেই প্রশ্ন ঘুরছিল—বিদেশে গিয়ে ঠিক কী করছেন এই অভিনেতা?

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়তেই সেই কৌতূহল আরও বেড়ে যায়। ছবিতে দেখা যায়, মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। নির্মাণশ্রমিকদের মতো ভারী কিছু বহন করছেন তিনি। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

ছবিটি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল নানা ধরনের। কেউ লিখেছেন, “স্টারডম ছেড়ে হাড়ভাঙা পরিশ্রমে নতুন জীবন।” কেউ আবার মজা করে বলেছেন, “স্ট্রাগল শুরু!” আবার অনেকেই সহানুভূতি জানিয়ে লিখেছেন, “আহারে জীবন!” এমনকি কেউ কেউ খোঁজ নিয়েছেন, সাহায্যের প্রস্তাবও দিয়েছেন।

তবে শেষ পর্যন্ত ছবিটির নেপথ্যের গল্প জানালেন জায়েদ খান নিজেই। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “গত দুইদিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।”

ছবি অনলাইন

পাশাপাশি ছবিটির পেছনের গল্প জানতে দর্শকদের তার ফেসবুক পেজ ও ‘ঠিকানা’ পেজে চোখ রাখার আহ্বান জানান জায়েদ খান। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টায় বিষয়টি প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন এই নায়ক।

জায়েদ খান জানান, ‘আমেরিকা ড্রিম’ এর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিসহ কয়েকজন শিল্পী।

জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, “ভালো একটি কাজ হয়েছে। এখন থেকে নিয়মিত ওয়েব ফিল্মে কাজ করার পরিকল্পনা আছে।”

৩৭ বছর ধরে ‘ঠিকানা’ প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরছে। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম। আগামীকাল ৬ মার্চ প্রকাশিত হচ্ছে ঠিকানার প্রথম অরিজিন্যাল শর্ট ফিল্ম।

জায়েদ খান বলেন, “প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। এই প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।”

অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির প্রথম সিজনের ১২টি পর্ব ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে আড্ডাধর্মী এই আয়োজন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে এবং ভালো সাড়া পেয়েছে বলে জানা গেছে।

ছবি অনলাইন

অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব, নির্বাচন, বিতর্ক কিংবা সরব বক্তব্য—সব মিলিয়ে সবসময়ই আলোচনায় ছিলেন জায়েদ খান। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে তার নতুন অধ্যায়ও কম আলোচিত নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর থেকেই প্রবাস জীবনে নতুন ধরনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ