সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজি জিতে আনচেলত্তির কাছে উপহার চান ভিনিসিয়াস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

ব্রাজিলের আক্রমণভাগে গতি, দক্ষতা আর পায়ের জাদুর জন্যই পরিচিত ভিনিসিয়াস জুনিয়র। খুব বেশি লম্বা না হওয়ায় হেড থেকে গোল করা তার জন্য কিছুটা কঠিন। তবে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে সেই কঠিন কাজটাও করে দেখিয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। বৃহস্পতিবার সকালে স্কটিশদের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটি হেড থেকে আদায় করে নেন তিনি।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ওই ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পান ভিনিসিয়াস। দ্বিতীয় গোলটি আসে প্রথমবার্ধের যোগ করা সময়ে। ব্রুনো গিমারেজের দারুণ ক্রস থেকে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে পাঠান এই রিয়াল মাদ্রিদ তারকা। সেই গোলটি কেবল ম্যাচের ব্যবধানই বাড়ায়নি। বরং ভিনিসিয়াসকে জিতিয়ে দিয়েছে একটি মজার বাজিও।

‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হওয়া ভিনিসিয়াস জানান, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে তার একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল। তিনি যে হেড দিয়ে গোল করতে পারবেন, স্বয়ং কোচও সেটা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু স্কটিশদের বিপক্ষে সেই চ্যালেঞ্জটা সাফল্যের সঙ্গে উৎরে যান ভিনিসিয়াস।

এবার বাজি জিতে কোচের কাছ থেকে উপহার চেয়ে বসেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ভিনিসিয়াস বলেন, ‘আমি কার্লো আনচেলত্তিকে কথা দিয়েছিলাম যে, আমি হেড থেকে একটি গোল করব। তিনি বলেছিলেন, এটা প্রায় অসম্ভব। তবে আমি যদি সেটা করতে পারি, তাহলে তিনি আমাকে একটি উপহার দেবেন। এখন আমি সেই উপহারের অপেক্ষায় আছি।’

মরক্কোর পর হাইতির বিপক্ষে গোলের দেখা পাওয়া ব্রাজিলের এই তারকা গ্রুপপর্বের শেষ ম্যাচে ছিলেন আরও উজ্জ্বল। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চলতি বিশ্বকাপে তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪টি। এর মাধ্যমে ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ