সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় ৭১ হলে ছাত্রদলের দেয়াললিখন ঘিরে উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির-সংশ্লিষ্ট নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা।

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রদলের কর্মীরা হল সংসদের কক্ষের সামনের দেয়ালে ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবির-সংশ্লিষ্ট নেতা হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব এতে বাধা দেন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি ছাত্রদলের একজন কর্মীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছে বিজয় ৭১ হল ছাত্রদল ।

ছাত্রদল আরও অভিযোগ করেছে, তাদের এক কর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রশিবির-সংশ্লিষ্ট ওই নেতা। প্রতিবাদে তারা একত্র হয়ে বিক্ষোভ-মিছিল করে এবং ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্ত, গুপ্ত, জামাতশিবিরের গুপ্ত’ ইত্যাদি স্লোগান দেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজয় ৭১ হল ছাত্রদল বিক্ষোভের ডাক দেয়। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, একই সময়ে বিজয় ৭১ হল সংসদের ভিপি হাসানুল বান্না তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রতিবাদের নামে বিজয় একাত্তর হলের অভ্যন্তরীণ সৌন্দর্য এবং শৃঙ্খলা নষ্ট করছে একটা গোষ্ঠী। নিন্দা জানিয়ে রাখলাম।’

হাসানুল বান্না তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘সম্প্রতি হলের গেট ও সামনের অংশ নতুন করে রং করা হচ্ছে এবং সেখানে দেয়াললিখনের মাধ্যমে সৌন্দর্য নষ্ট করা কাম্য নয়।’ তাঁর ভাষ্যমতে, ‘আজকে বিজয় একাত্তর হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব হল সংসদের দেয়ালে লিখতে না করেছে। এই বিষয়কে কেন্দ্র করে আমাদের হলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ইচ্ছাকৃতভাবে নষ্ট করার পাঁয়তারা করছে সুযোগসন্ধানী একটি মহল। বহিরাগত নিয়ে এসে হলে মিছিল করছে। আপনারা সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। সুযোগসন্ধানী কোনো মহলের ষড়যন্ত্রে পা দিবেন না।’

সাম্প্রতিক সময়ে ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে চট্টগ্রাম সিটি কলেজেও একই ধরনের ঘটনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকেও ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ