নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজা ঢাকার বেরাইদে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল ৪টায় বেরাইদ রহমতউল্লাহ স্টেডিয়াম ও বেরাইদ বড় মসজিদ মাঠে মানুষের ঢল নামে।
এর আগে বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রহমতুল্লাহর মৃত্যু হয়।
রহমতুল্লাহর পারিবারিক সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।







