সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ আয়ারল্যান্ডের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

প্রকৃতির বৈরিতায় ব্রেডিতে মাঠে একটি বলও গড়াল না। কিন্তু এই পরিত্যক্ত ম্যাচের জের ধরে ভীষণ বড় ধাক্কা খেল আইরিশ ক্রিকেট।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগটিও হাতছাড়া হলো আয়ারল্যান্ডের। ফলে মূল পর্বের টিকিট পেতে এখন তাদের দীর্ঘ ও কঠিন বাছাইপর্বের পথ পাড়ি দিতে হবে।
বুধবার ব্রেডিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টানা বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত ‘কাট-অফ’ তারিখের আগে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়ার একটি কঠিন সমীকরণ দাঁড়িয়ে ছিল তাদের সামনে। সে জন্য আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ভারতের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত দুটি ম্যাচে হারতে হতো।

তবে প্রথম ম্যাচটি ভেসে যাওয়ায় আয়ারল্যান্ডের সেই সমীকরণ মেলানোর পথ বন্ধ হয়ে গেল।

এখন ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে পল স্টার্লিংয়ের দলকে নামতে হবে ১০ দলের কঠিন বাছাইপর্বে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে।
অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করা দলগুলো খেলবে ‘সুপার সিরিজ’ নামের প্রথম রাউন্ডে। চার দলের সেই লড়াই থেকে দুটি দল বিদায় নেবে এবং সেরা দল নিশ্চিত করবে মূল গ্রুপ পর্বের টিকিট। ২০২৭ সালের মূল বিশ্বকাপে মোট ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।

উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে র‍্যাঙ্কিং নির্বিশেষে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। তাদের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য আটটি দল সরাসরি টিকিট পাবে। তবে যৌথ আয়োজকদের মধ্যে নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায়, আয়োজক দেশ হওয়া সত্ত্বেও তাদের বিশ্বকাপের মূল পর্বে আসতে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ