সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফুঁসছেন কার্ডধারী জেলেরা।

বুধবার সকালে সরেজমিনে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা শত শত জেলের ভিড়। প্রখর রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকে চাল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

৮ নম্বর ওয়ার্ডের জেলে মোকলেছ পালোয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুইদিন ধরে চাল নিতে আসছি, কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। আমরা গরিব মানুষ, কাজ ফেলে এসে ভোগান্তিতে পড়েছি।”

চাল বিতরণ নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলার মধ্যে গণমাধ্যমে অভিযোগ করায় এক জেলেকে মারধরের অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

চাল বিতরণ সমন্বয় কমিটির সদস্য সোহাগ বলেন, ইউনিয়নে কার্ডধারী ৩ হাজার ৮০০ জন হলেও বরাদ্দ এসেছে ২ হাজার ৩০০ জনের জন্য। ফলে সবাই একসঙ্গে আসায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

আরেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আজাদ জানান, তালিকা অনুযায়ী বিতরণের সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি বলেন, “আজ চাল বিতরণের কথা ছিল না, কিন্তু সবাই একসঙ্গে পরিষদে চলে আসায় ভিড় তৈরি হয়েছে। শুধু বরাদ্দপ্রাপ্তরাই চাল পাবেন।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি জানান, মাস্টাররোল প্রস্তুত না হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। দ্রুতই চাল বিতরণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বরাদ্দের তুলনায় কার্ডধারীর সংখ্যা বেশি হওয়ায় জেলেরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত ও সুষ্ঠুভাবে চাল বিতরণের দাবি জানিয়েছেন তারা।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ