নিজস্ব সংবাদদাতা- বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
যাদের চরিত্রে পরিবর্তন আসেনি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আচরণ ও মানসিকতা যাদের এখনো বদলায়নি, তারা কখনোই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে পারবে না।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা–৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে। কিন্তু যারা এখনো জাতির সঙ্গে ফ্যাসিবাদের আচরণ করছে, তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। যারা জুলাই মানে না, সংস্কার মানে না, তাদের দিয়ে দেশ গড়া যাবে না।’
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে, তাদেরই বেছে নিতে হবে। আল্লাহর মেহেরবানিতে সেই সাহস জামায়াতে ইসলামীর আছে উল্লেখ করে তিনি বলেন, সাজানো সাক্ষী ও পাতানো আদালতের মাধ্যমে দফায় দফায় জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে। এরপরও জামায়াত মাথা নত করেনি, দেশ ছেড়ে পালায়নি। জামায়াত ছিল, আছে এবং ইনশা আল্লাহ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, এখন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। বলা হচ্ছে, কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে নয়। এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত—এভাবে বাংলাদেশের মানুষকে বোকা ভাবা হয়েছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, দেশের মায়েরা এখন প্রকাশ্যে বলছেন, তাঁরা আর এই অনিরাপদ বাংলাদেশ দেখতে চান না; তাঁরা একটি নিরাপদ বাংলাদেশ চান। তাঁদের বিশ্বাস, দাঁড়িপাল্লা ও তার সঙ্গীরাই সেই নিরাপত্তা দিতে পারবে।
শফিকুর রহমান বলেন, এই দেশই জামায়াতের একমাত্র ঠিকানা। তাঁদের কোনো মামা–খালুর দেশ নেই, বেগমপাড়া নেই। তাঁদের একটাই পাড়া—গর্বের বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, নেতাদের হাঁচি-কাশি হলেও বিদেশে চলে যান, যা দেশের প্রতি তাঁদের অনাস্থারই প্রমাণ। অথচ তাঁরাই একসময় দেশ স্বাধীন করেছেন—তাহলে দেশ গড়েননি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
দেশপ্রেমিক হলে বাস্তব কাজে তার প্রমাণ দিতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা, সন্তানদের বিদেশে পড়াশোনা করানো—এগুলো দেশপ্রেম নয়। মুখের কথায় জনগণ আর বিশ্বাস করে না, বাস্তব কাজেই দেশপ্রেমের পরিচয় দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
কুমিল্লা–৯ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুমসহ ১১-দলীয় জোটের অন্যান্য নেতারা।







