সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিৎ-জামায়াত আমির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিৎ মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশে যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, সেগুলো চালু রাখার প্রয়োজন নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও অনেক সময় তারা নানা বৈষম্য ও সমস্যার মুখে পড়েন। এ পরিস্থিতিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর কার্যকর ভূমিকা থাকা জরুরি। কিন্তু যেসব দূতাবাস শ্রমিকদের বিপদে পাশে দাঁড়াতে পারে না, সেগুলো বন্ধ করে দেওয়াই উচিত বলে মন্তব্য করেন তিনি।

সংসদে দলের অবস্থান সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে ইতিহাস শেখাতে বা শিখতে যায় না, বরং জনগণের অধিকার ও দাবি-দাওয়া তুলে ধরাই তাদের মূল দায়িত্ব। জনগণের প্রতিনিধি হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাই তাদের রাজনৈতিক অঙ্গীকার।

শ্রমিক-মালিক সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, শিল্প ও উৎপাদন ব্যবস্থার উন্নয়নের জন্য শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকরা যেন তাদের পরিশ্রমের যথাযথ মূল্য ও ন্যায্য মজুরি পান, তা নিশ্চিত করতে দলটি কাজ করছে। তার মতে, শোষণ বা বঞ্চনা নয়, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে শিল্প খাতে স্থিতিশীলতা আনা সম্ভব।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ