সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), পোশাকশ্রমিক ইসমাইল হোসেন (২০), মোজার কারখানার কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয়কর্মী মো. সাকিন ইসলাম (১৮)। আটক ব্যক্তিরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, রোববার বেলা ১টার দিকে সাভারের বিপিএটিসির সামনের ঢাকা-আরিচা মহাসড়কে অর্ধশতাধিক ব্যক্তি একটি ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা এ ঝটিকা মিছিল বের করেছিলেন। এ সময় তারা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিলেন। পরে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ