সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন নৌবাহিনীর সংঘর্ষ, নিহতের মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি চলা সত্ত্বেও বৃহস্পতিবার রাতের হামলা-পাল্টা হামলার রেশ ধরে শুক্রবার আবারও দু’পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ে।

ইরানি বার্তা সংস্থা ফার্স ও আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানি সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্নভাবে গোলাগুলি চলে। এর আগে বৃহস্পতিবার রাতে ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের।

গভর্নর মোহাম্মদ রাদমেহের জানান, মার্কিন হামলায় অন্তত ১০ জন নাবিক আহত হয়েছেন। নিখোঁজ বাকি চার নাবিকের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, হরমুজ প্রণালির নিকটবর্তী সিরিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, শুক্রবার নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করার অভিযোগে ইরানের বেশ কয়েকটি খালি ট্যাংকার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানি তেলের ট্যাংকারগুলো খালি থাকলেও সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

এই ঘটনার পর হরমুজ প্রণালি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সামরিক বাহিনীর এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ওই অঞ্চলের নৌ-চলাচল ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক অস্থিরতার রূপ নিতে পারে।

সূত্র: আল-জাজিরা

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ