বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:
বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে অসহযোগিতার ঘোষণা দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।
আনুষ্ঠানিকভাবে রণবীরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সোমবার এক সাংবাদিক বৈঠকে সংস্থার প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল ফরহান আখতার রণবীর সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি ছেড়ে দেন অভিনেতা। এতে ছবির কাজ এবং প্রযোজনায় বড় ধরনের সমস্যা তৈরি হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে দুইপক্ষের বক্তব্য শোনার চেষ্টা করা হয়েছিল। প্রযোজক রিতেশ সিধওয়ানি বৈঠকে উপস্থিত ছিলেন এবং ফরহান আখতার লন্ডন থেকে অনলাইনে যোগ দেন। তবে রণবীর সিংকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি বলে দাবি সংগঠনের।
পরে অভিনেতার টিম ই-মেইলের মাধ্যমে জানায়, এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ফেডারেশনের নেই।
ফেডারেশনের সভাপতি বিএন তিওয়ারি বলেন, একটি সিনেমার সঙ্গে হাজার হাজার কর্মীর জীবিকা জড়িত। কোনো ছবির কাজ হঠাৎ বন্ধ হয়ে গেলে জুনিয়র শীল্পি থেকে শুরু করে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
তিনি বলেন, ‘কেউ যত বড় তারকাই হোন না কেন, তিনি নিয়মের ঊর্ধ্বে নন।’
এরপরই ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রণবীর সিংয়ের সঙ্গে তাদের সদস্যরা কাজ করবেন না।
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ৪৫ কোটি রুপি ক্ষতির অভিযোগ।
সূত্রের খবর, ‘ডন ৩’ ছবির কাজে ইতিমধ্যেই এই বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়েছিল। তবে এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।







