সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। সৎ ও সাহসী বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো সততা।

দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনামলে দলের অসংখ্য নেতাকর্মী অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন, মাসের পর মাস পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন।
আবার অনেক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। এসব ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ব্যক্তিগত বা সাংগঠনিক ভেদাভেদ ভুলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে রাজশাহী জেলা বিএনপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এমপি এবং নজরুল ইসলাম মণ্ডল এমপি।

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ