জুন ১৪, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ সংসদ : স্পিকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ কাজ করছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করাই সংসদ সদস্যদের অন্যতম দায়িত্ব।

এ দায়িত্ব পালনে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য।’

বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, সংবিধান ও কার্যপ্রণালি বিধি সম্পর্কে ধারণা দেওয়া হয়। ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম ধাপে পঞ্চগড়-১ থেকে ময়মনসিংহ-৫ পর্যন্ত বিভিন্ন আসনের নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সদস্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় দিনের ওরিয়েন্টেশনে অংশ নিবেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদ সদস্যদের দায়িত্ব পালনের মূল হাতিয়ার। আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনে এ বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

তিনি আরো বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয় না।

সরকারি ও বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ, গঠনমূলক বিতর্ক এবং সংসদীয় রীতি-নীতির যথাযথ চর্চার মধ্য দিয়েই একটি শক্তিশালী সংসদ গড়ে ওঠে।
বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে। তাই জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, একজন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় আনতে ভূমিকা রাখতে হবে।

কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদের কার্যক্রম পরিচালিত হতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলিও প্রমুখ।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ