সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দিবাগত রাতে দুই দেশের পালটাপালটি হামলার পর সোমবার তিনি এ দাবি করেন । এদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলায় প্রাণ হারিয়েছে ১৩ জন ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জাপোরিজ্জিয়ায় চালানো হামলায় অন্তত ছয় জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন, যেখানে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সোমবার সন্ধ্যার ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথম বারের মতো উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে না রাশিয়া। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন তথা ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনার ব্যবহার যত বাড়বে, তারা তত নিজেদের ঘাটতি ও দুর্বলতাগুলো শুধরে নেবে । এটি গোটা বিশ্বের জন্যই বিপদ ডেকে আনছে বলে তিনি মন্তব্য করেন । এছাড়া শনিবার তিনি সতর্ক করে জানান, রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে উত্তর কোরিয়ার প্রায় ৫০ হাজার পর্যন্ত সেনা পাঠানো হচ্ছে । ভিডিও বার্তায় ইউক্রেনীয় সামরিক বাহিনী কর্তৃক পশ্চিম সাইবেরিয়ার একটি রুশ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে সফল বিমান হামলাকে খুবই তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেন জেলেনস্কি । তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউক্রেনের এমন আরো দূরপাল্লার হামলা চালানো হবে, যা রাশিয়া ও রুশ জনগণকে বুঝিয়ে দেবে যে শান্তি কতটা প্রয়োজনীয়।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন ৩৯ জন ।

সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নিঝনেকামস্ক শহরটি মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। হামলায় শহরের একটি তেল শোধনাগারও লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী । রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতারস্তানের আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভ হামলাটিকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছেন। নিহতদের মধ্যে অন্তত সাত জন উজবেক নাগরিক বলে জানিয়েছে কাজানে উজবেক কনস্যুলেট ।

রাশিয়ায় উজবেকিস্তানের প্রায় ২০ থেকে ৩০ লাখ নাগরিক কাজ করেন।

নিঝনেকামস্ক রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ও শিল্পকেন্দ্রগুলোর একটি । শহরটিতে দেশটির অন্যতম বড় ও আধুনিক তেল শোধনাগার তানেকো অবস্থিত। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতের হামলায় তারা ঐ শোধনাগারকে লক্ষ্য করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ৪৫০টির বেশি ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। হামলার ঘটনায় রাশিয়া তদন্ত শুরু করেছে। রুশ তদন্ত কমিটি এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন । আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, চুগুইভ জেলার একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা অব্যাহত থাকবে। তার দাবি, মস্কো যুদ্ধের পরিণতি অনুভব করতে শুরু করেছে ।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ