সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ ধরে রাখল পিএসজি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

দুর্দান্ত এক গোলে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। তবে সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে অ্যাস্টন ভিলা।

অভিষিক্ত টিনএজার ব্রায়ানের নৈপুণ্যে সমতায় ফেরে ইংলিশ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দেজিরে দুয়ের গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে উয়েফা সুপার কাপ নিজেদের কাছেই রাখল লুইস এনরিকের দল।
অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার (১২ আগস্ট) আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীর লড়াইয়ে ২-১ গোলে জিতেছে পিএসজি।

গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এ শিরোপা জিতেছিল পিএসজি।

গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের দল ছেড়ে যাওয়া এবং বর্তমান স্কোয়াডে চোটের থাবায় জেরবার অবস্থা ভিলার। আরেকদিকে, প্রস্তুতির ঘাটতিতে মূল খেলোয়াড়দের অনেককে ছাড়া খেলতে নামে পিএসজি। তাতে খুব ভালো ফুটবল দেখার সম্ভাবনা ছিল কম।

পিএসজি কোচ লুইস এনরিকেও ম্যাচের আগে দিয়েছিলেন তেমন বার্তা। তবে, মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে উত্তাপ ছড়াল বেশ, লড়াই হলো জমজমাট।

মাঠে বল গড়ানোর পর, দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে পজেশনে একচেটিয়া আধিপত্যের পাশাপাশি আক্রমণেও ছড়ি ঘোরাতে শুরু করে পিএসজি, এবং ২০তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় দলটি।

সতীর্থের পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় একজনকে কাটিয়ে, জোরাল শটে ঠিকানা খুঁজে নেন জর্জিয়ান উইঙ্গার কাভারাৎসখেলিয়া।

কিছুক্ষণ পর দ্বিতীয় গোল পেতে পারতো পিএসজি।

ডি-বক্সে বাঁ দিক থেকে মাঝে দারুণভাবে কাটব্যাক করেন নুনো মেন্দস, তার কয়েকজন সতীর্থ ছিলেন নিশ্চিত স্কোরিং পজিশনে; কিন্তু কেউই বলে পা ছোঁয়াতে পারেননি।
দুই মিনিট পর পাল্টা আক্রমণে ভালো সুযোগ পায় ভিলা, ডান দিক থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে হেড করেন ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা ফরোয়ার্ড ব্রায়ান; কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে।

ধীরে ধীরে পজেশন বাড়িয়ে আক্রমণে জোর দেয় ভিলা। মূলত ক্রসনির্ভর আক্রমণ করতে থাকে তারা, তাতে সুযোগও তৈরি হয় একের পর এক।

বিরতির আগের কয়েক মিনিটে দারুণ দুটি সুযোগ পান ১৭ বছর বয়সী ব্রায়ান; এবার প্রথম দফায় বল যায় ক্রসবারের ওপর দিয়ে, খানিক পর তার কোনাকুনি শটও হয় লক্ষ্যভ্রষ্ট। অবশেষে ৪৫তম মিনিটে সফল হন তিনি। আরো একটি দারুণ ক্রস বাড়ান জন ম্যাকগিন এবং ছয় গজ বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রায়ান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অ্যাস্টন ভিলা। ৫০তম মিনিটে ব্রায়ানের পাস পেয়ে ডি-বক্সে জোরাল শট নেন দলটির অধিনায়ক জন ম্যাকগিন। তবে ঝাঁপিয়ে পড়ে সেই চেষ্টা ব্যর্থ করে দেন পিএসজির গোলরক্ষক।

এরপর ৬১তম মিনিটে চোখধাঁধানো এক পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় পিএসজি। বিরতির পর বদলি হিসেবে নামা উসমান দেম্বেলের দারুণ পাস ধরে সবাইকে পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকেন দেজিরে দুয়ে। এরপর কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে দলের জয়সূচক গোলটি করেন ফরাসি এ উইঙ্গার।

গোল শোধ দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল ভিলা। তবে প্রথমার্ধের শেষ দিকে যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছিল, দ্বিতীয়বার আর তেমনভাবে ম্যাচে ফিরতে পারেনি তারা।

এই জয়ে ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর এনরিকের ট্রফি সংখ্যা দাঁড়াল ১৩টিতে। এর মধ্যে রয়েছে টানা তিনটি লিগ ওয়ান এবং টানা দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ