নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. রাজু (৩০) নামের এক মাদক কারবারি হাতকড়াসহ পালিয়ে গেছে। আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় অভিযুক্তের বড় ভাই মোক্তার হোসেন ওরফে আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া মাদক কারবারি রাজু ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল কোবাগা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পরানো হয়।
পরে তাকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসার পথে আসামির পরিবারের সদস্য ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের গতিপথ রোধ করে।
এক পর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এ সুযোগে আটক রাজু হাতকড়া পরিহিত অবস্থাতেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ঘটনাস্থল থেকে রাজুর বড় ভাই মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে।







