সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন এবং ৩০ থেকে ৪০টির মতো ল্যাপটপ পাওয়া গেছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।

অহিদুর রহমান আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন জুয়া, প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত। মামলার নম্বর, আসামিদের নাম ও সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, কক্সবাজারে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন আরও অনেক বিদেশি নাগরিক।

তার দাবি, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল বলে অভিযোগ আছে। তাদের আটক করতে অভিযান চলমান রয়েছে।

তবে এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সংশ্লিষ্টতা কিংবা তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়। তবে তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিল কিংবা হোটেলে অবস্থান করে কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিল, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ